বাঁশখালীতে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১৯:০৭

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে কিছু এলাকায় কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটলেও সার্বিকভাবে বলা যায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জাল ভোট দেওয়ার অপরাধে ২ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম ছিলো। দুপুরের পর থেকে প্রার্থী আটকের গুজব ছিল বেশি। দুপুর ১২টার দিকে চাম্বল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোঃ সাগর (২৮) নামে এক যুবক এক প্রবাসীর জাল ভোট দিতে গিয়ে আটক হয়। অন্যদিকে পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মিজানুর রহমান নামে এক যুবকের জাল ভোট দিতে গিয়ে ওই এলাকার জেবর মুল্লুকের ছেলে নুরুন্নবী (৪০) আটক হয়। আটক ব্যক্তি একজন প্রার্থীর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলো। 

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। বাঁশখালী উত্তর জলদী ৫নং ওয়ার্ডের রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল ১০টা পর্যন্ত ৬টি বুথে ১৬২ ভোট রেকর্ড হয়েছে।

দুপুর ২টা ২০ মিনিটের দিকে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মিজান উদ্দীন জানান, এই কেন্দ্রে ৩টি বুথে মোট ১৩০৫ ভোট কাস্ট হয়েছে।

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোটকেন্দ্র খালি ছিলো। ছবিঃ ইত্তেফাক।

দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে পুঁইছড়ি মকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার রাজীব কুমার দাশ জানান, মোট ৩৪১৯ ভোটারের মধ্যে ২১০২ ভোট কাস্ট হয়েছে। এই কেন্দ্রে ৮টি বুথ রয়েছে।

কাথরিয়া বাগমারা অলি শাহ্ মাদ্রাসা কেন্দ্রে সকাল থেকে ভোটারের উপস্থিতি ছিল। তবে দুপুরের দিকে কমে গেছে বলে জানান প্রিজাইডিং অফিসার অঞ্জন খাস্তগীর। এই কেন্দ্রের মোট ভোটার ৩০৭৬। কাস্ট হয়েছে ৫৭০টি। বুথ রয়েছে ৮টি। 

কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং বিশ্বনাথ দেব জানান, ৩৪০৫টি ভোটের মধ্যে বুথ রয়েছে ৯টি। ভোট কাস্ট হয়েছে ৮৮৫টি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, বড় ধরনের কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। 

আরও পড়ুনঃ রাজবাড়ীর চার উপজেলার ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রশাসনিকভাবে কঠোর নজরদারি রাখা হয়েছিল। ভোটাররা স্বতঃষ্ফূর্তভাবে ভোট প্রদান করেছে।’

ইত্তেফাক/নূহু