মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।'
তিনি বলেন, 'এসব আত্মস্বীকৃত খুনিদের রক্ষা করতে যারা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে, তারা বোকার স্বর্গে বাস করছে।'
চুমকি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগরের উদ্যোগে 'বিদেশে আশ্রয়রত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফেরত দেয়ার দাবিতে জনমত গঠন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
যারা বঙ্গবন্ধুর খুনিদের বিচার চায়না এবং হত্যাকারীদের লালন করে- তারাই দেশে সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়ে যাচ্ছে। এসব খুনিদের বিচার বাংলাদেশের মাটিতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেহের আফরোজ চুমকি বলেন, '১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। কুচক্রীরা দেশে ইনডেমনিটি কালো আইন অধ্যাদেশ তৈরি করেছিল। বিভিন্ন দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে তাদের দোসরদের নিয়োগ দিয়েছিল।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি ও সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাবি'র উপ উপাচার্য অধ্যাপক ড.আক্তারুজ্জামান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাস এবং সংগঠনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক করিম আহমেদ।
ইত্তেফাক/এসএস
