বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের (১ম থেকে ৬ষ্ঠ শ্রেণি) গল্প শোনানোর প্রোগ্রাম 'কিডস রিড' দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে দি হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) ও ব্রিটিশ কাউন্সিল।
ঢাকা শহরের আটটি প্রাথমিক বিদ্যালয়ের ১০,০০০-এরও বেশি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এবারের আয়োজন শুরু করা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ইংরেজি ভাষার উপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য শিরোনামের নব্বইটি গল্পের বইয়ের একটি করে সেট প্রদান করা হবে।
বই পড়ার বিষয়টি শিশুদের নিয়মিত অভ্যাসে পরিণত করতে চালু করা 'কিডস রিড' একটি পুরস্কারপ্রাপ্ত প্রোগ্রাম। শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সমস্যা পড়তে হয় অভিভাবক ও শিক্ষকদের। ইংরেজি ভাষায় পারদর্শিতা ও স্বাক্ষরতার হার বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করে আসছে উক্ত কিডস রিড প্রোগ্রাম।
উল্লেখ্য, বাংলাদেশ এশিয়ার মধ্যে অষ্টম দেশ যেখানে গত ২০১৫ সাল থেকে এই প্রোগ্রামটি পরিচালিত হয়ে আসছে। উক্ত প্রোগ্রামের আওতায় নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকরা যাতে শিশুদের সহজে ও স্বাচ্ছন্দ্যে ইংরেজি ভাষা শিক্ষা দিতে পারে সে ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়।
'কিডস রিড' প্রোগ্রামের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম ও কক্সবাজারের তিনটি মাদ্রাসা ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঐ পর্বে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী ও ৩৬জন শিক্ষক অংশ নিয়েছিল। শিক্ষার্থীদের চাহিদার উপর ভিত্তি করে নির্বাচিত হওয়া শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে যুক্তরাজ্য শিরোনামের ৫০টি জনপ্রিয় গল্পের বইয়ের সেট প্রদান করা হয়েছিল।
'কিডস রিড' প্রোগ্রামটি পরিচালিত হয় ব্রিটিশ কাউন্সিল দ্বারা এবং সহযোগিতায় আছে এইচএসবিসি। প্রোগ্রামের আওতায় দেশের শিশু, অভিভাবক, শিক্ষক ও শিক্ষা-প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বিভিন্নরকম স্কুল অনুষ্ঠান, কমিউনিটি অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারের 'কিডস রিড' প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএসবিসি'র কর্পোরেট সাসটেইনেবিলিটি বিভাগের ম্যানেজার আব্দুল্লাহ আল জুবায়ের এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ’র লাইব্রেরি ম্যানেজার সারওয়াত রেজা প্রমুখ।
ইত্তেফাক/এসএস
