আফগানিস্তান সিরিজ টাইটেল স্পন্সর ডাচ-বাংলা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩০
২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের টাইটেল স্পন্সর ছিল ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। ১৬ বছর পর আবারও ক্রিকেটে ফিরল দেশের বেসরকারি এই ব্যাংকটি। আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। 
 
সিরিজের নামকরণ হচ্ছে রকেট বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। রকেট ব্যাংকটির মোবাইল ব্যাংকিংয়ের নতুন সেবা। মঙ্গলবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিরিজের টাইটেল স্পন্সরশিপ সংক্রান্ত এসব তথ্য জানায় বিসিবি। এছাড়া আগামী দুই বছর বাংলাদেশের সকল হোম সিরিজের টাইটেল স্পন্সরও থাকবে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড।
 
আগামী দুই বছরের জন্য বিসিবির টাইটেল ও ইন-স্টেডিয়াম স্পনসরশিপ স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। তারাই এই স্বত্ব বিক্রি করেছে ডাচ-বাংলা ব্যাংকের কাছে। এই চুক্তির মেয়াদ চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত।
 
এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির মার্কেটিং এন্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
 
ইত্তেফাক/এসএসএ