একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়।
অভিযুক্ত পাঁচ রাজাকার হলেন- শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
বিষয়টির ওপর আজ শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ।
এর আগে গত ২৬ মে এই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এ মামলায় গত বছরের ১৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ঐদিনই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছ আহমদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
গত ২০ জানুয়ারি আসামীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
ইত্তেফাক/এএসএস
