জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ইরাকের উত্তরাঞ্চলীয় নগরী মসুল পুনরুদ্ধারে মঙ্গলবার অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। এরই মধ্যে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরীটি ঘিরে ফেলেছে দেশটির সেনাবাহিনী এবং সরকারের মিত্র মিলিশিয়ারা।
ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, মসুলের ১০০ কিলোমিটার দক্ষিণে টাইগ্রিস নদীর তীরে অবস্থিত শেরকাতে লাখখানেক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। আইএসের কঠোর শাসনের অধীনে এবং খাবারের অভাবে সেখানকার মানুষরা বেশ কয়েক মাস ধরে মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।
জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র ইয়াহিয়া রসূল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘যৌথ বাহিনীর সহযোগিতায় বিভিন্ন দিক থেকে মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় শেরকাত মুক্ত করার অভিযান শুরু হয়। আমরা ভালো অগ্রগতি করেছি। শেরকাত গুরুত্বপূর্ণ, কারণ শেরকাতে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ থাকলে আমরা মসুলের দিকে যেতে পারব না।’
এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এক টেলিভিশন বার্তায় জানিয়েছেন, মসুলের পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের দুইটি এলাকা পুনর্দখলের জন্য অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী। আবাদি বলেন, ‘এই অভিযানগুলো ইরাকি ভূমির প্রতিটি ইঞ্চি দখলমুক্ত করার পথ সুগম করবে এবং ইশ্বরের ইচ্ছায়, মসুল নগরী মুক্ত হলে তা শেষ হবে।’ সূত্র: আল জাজিরা ও রয়টার্স
ইত্তেফাক/এমএএস
