'জনস্বার্থে ফুটপাত ছেড়ে দিন, নইলে বুলডোজার'

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫২
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ খুবই কঠিন কাজ। তবে এরপরও রাজধানী ঢাকার সব ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে। যারা ফুটপাত দখল করে আছে, তাদেরকে জনস্বার্থে ফুটপাত ছেড়ে দেওয়ার বিশেষভাবে অনুরোধ করছি। অনুরোধে কাজ না হলে বুলডোজার চালিয়ে হলেও ফুটপাত দখলমুক্ত করা হবে।
 
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দুই দিনব্যাপী ‘৪র্থ নগর সংলাপ-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং আরবান ইনগো ফোরামের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। এ ফোরামের মধ্যে রয়েছে সেভ দ্যা চিলড্রেন, অ্যাকশন এইড, ব্র্যাক, অক্সফাম, কেয়ার, প্লান ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ভিশন, সুইস কন্টাক্টসহ বিভিন্ন আন্তর্জাতিক এনজিও। বৃহস্পতিবার সংলাপ অনুষ্ঠান শেষ হবে।
 
প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকাকে  আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকামুখী গ্রামের মানুষের আগমন বন্ধ করতে হবে। এজন্য সরকার গ্রাম-গঞ্জে সব ধরণের আধুনিক সুযোগ-সুবিধাসহ পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করেছে।
 
ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা প্রসঙ্গে আনিসুল হক বলেন, “আমার লোকজনকে আমি বলেছি প্রথম দিন যাবে, হাতে ধরবে, বলবে ‘স্যার আমার জায়গা ছেড়ে দিন’। দ্বিতীয় দিন যাবে, বলবে ‘স্যার, আপনি অনেক বড়লোক, ফুটপাত বোধ হয় ভুলে দখল হয়ে গেছে, স্যার আপনি মনে হয় টের পান নাই, স্যার ছেড়ে দিন’। তৃতীয় দিন গিয়ে পায়ে ধরবে, বলবে ‘গরিবের ফুটপাত স্যার ছেড়ে দিন’। তাও না ছাড়লে চতুর্থ দিন গিয়ে  বুলডোজার চালিয়ে দিবেন।’
 
তিনি বলেন, ঢাকাকে সহনশীল, দারিদ্রমুক্ত, নিরাপদ, সবুজ, সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক শহর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম চলছে। সবুজ ঢাকার জন্য ছয়-সাত লাখ গাছ লাগানোর কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন স্থানে রাস্তাঘাট ও লেক উন্নয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ’র জাতীয় পরিচালক জন আর্মস্ট্রং, ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর পরিচালক ফ্রেড উইটিভিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।