সিলেট নগরীর ফাজিল চিশতের একটি বাসায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা মামলায় পুলিশসহ ১৩ সাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল) এর বিচারক মো: মাহফুজুর রহমান ভূঞা এ আদেশ প্রদান করেন। এ মামলায় একই আদালতে বুধবার নগরীর বালুচরের পরিমল চন্দ্র দে ও তার ছেলে রিপন চন্দ্র দে আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে নগরীর ফাজিলচিস্তে ডা: আরিফ আহমদের বাসার বাহিরের ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুই জঙ্গী মারা যায়। ঐ দিন মধ্যরাতে সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের এক নির্বাচনী জনসভায় শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন । হরকাতুল জিহাদের জঙ্গিরা জনসভায় বোমা মেরে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু এর আগে বোমা তৈরীকালে বিস্ফোরণ ঘটায় পরিকল্পনা ভেস্তে যায়।
এ ব্যাপারে তৎকালীন কোতয়ালী থানার ওসি বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় মোট ৪৭ সাক্ষীর মধ্যে গতকাল বুধবার পর্যন্ত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বুধবার হরকাতুল জিহাদের (জেএমবি) শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও আবু সাঈদকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ডাঃ আরিফ আহমদ মমতাজ রিফা ও শেখ শাহজাহানও ঐ দিন আদালতে হাজিরা দেন। জামিনে থাকা অপর ২ আসামী আবু ওবায়দা হারুন ও মাসুদ আহমেদ শাকিল আদালতে অনুপস্থিত থাকায় তাদের জামিন বাতিল পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।
ইত্তেফাক/এএন
