পেকুয়ায় জাহাঙ্গীর আলম চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২০:৫৯

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (দোয়াত কলম) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে এম আজিজুল হক (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সদস্য উন্মে কুলছুম মিনু (ফুটবল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলার সাতটি ইউনিয়নের ৪০টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

রোববার ২৪ মার্চ পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৪০টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র ছাড়া ৩৯ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উৎসব অনুষ্ঠিত হয়েছে। তবে সকালের দিকে মগনামা ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর পর সরকার দল সমর্থিত প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের চেষ্টায় ফাঁকা গুলি ছুঁড়ে।

আরো পড়ুন: হুমকি নেই, তবুও সতর্কতা জারি মার্কিন দূতাবাসের

এতে ভোটারদের মধ্যে হুড়োহুড়ি ও ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় ছোটাছুটি করতে গিয়ে চারজন আহত হয়েছেন। তাদের বাড়ি দক্ষিণ মগনামা এলাকায়।

ইত্তেফাক/অনি