রাজধানীতে বিভিন্ন অপরাধে ৩০ জনের দণ্ড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৯
মাদক বিক্রি ও সেবন, শ্লীলতাহানির চেষ্টা ও দালালির অপরাধে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ এর ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এসব সাজা প্রদান করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান, বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরা খাতুন ও আব্দুল কুদ্দুস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের শাস্তি প্রদান করেন। 
 
তিনি জানান, শ্লীলতাহানীর অপরাধে শাহবাগের মামুন শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ইয়াবা সেবন করার অপরাধে সবুজবাগের আলী হোসেন, ইব্রাহিম, হুমায়ুন কবিরকে বিভিন্ন মেয়াদে, খিলগাঁও এলাকার হাতেম আলীকে ৭ দিনের, যাত্রবাড়ী এলাকার পারভেজ, অহিতু, নজরুল, সবুজ, স্বপন, রাসেল, মেহেদী, বাবুল, রাজু, শাহ আলম, জিল্লুর, মানিক, দুলু ও আলামিনকে বিভিন্ন মেয়াদে, ওয়ারীর লিটন, মিজানুর রহমান, আশিক ও রাজিবকে বিভিন্ন মেয়াদে, তুরাগের তাহেরা খাতুন, আলমগীর ও চম্পা বেগমকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 
 
ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানোর অপরাধে রায়হান ও সজল নামে দুই জনকে ১৫ দিনের এবং কাফরুল এলাকায় মুন্না রায় ও শওকতকে বিআরটিএ’তে দালালির অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।