কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:০৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী শর্মিলা রোজারিও। রবিবার এই উপজেলার নির্বাচনে তিনি ৫২ হাজার ৩৯৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী শর্মিলী দাস মিলি (কলস) পেয়েছে ২ হাজার ২৫৫ ভোট।

সকাল থেকে স্থানীয় ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বিকালের দিকে কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়তে দেখা যায়। তবে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৫ম উপজেলা নির্বাচনে কালীগঞ্জ উপজেলা থেকে বেসরকারীভাবে শর্মিলা রোজারিওকে (ফুটবল) মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শিবলী সাদিক।

উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর জানান, 'এ উপজেলায় ৯০টি ভোট কেন্দ্রে ৯০ জন প্রিজাইডিং, ৫৩৮ জন সহকারী প্রিজাইডিং ও ১০৭৬ জন পোলিং অফিসার ভোট গ্রহন করেছেন'। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, 'নির্বাচনে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। আর এই নির্বাচনকে শান্তিপূর্ণ করতে পুলিশ, র‌্যাব-বিজিবি, আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশ সমন্বিতভাবে কাজ করেছে'।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শিবলী সাদিক জানান, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় দফায় কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন সব সময় মাঠে ছিল। পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনায় মাঠে ছিল ম্যাজিস্ট্রেটও। 

আরও পড়ুন:  উপজেলা পরিষদ নির্বাচন: চাঁদপুরের সাত উপজেলায় নৌকার প্রার্থী বেসরকারি ফলে জয়ী

উল্লেখ্য, তৃতীয় ধাপে অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ আ’লীগ মনোনীত মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী এ্যাড. মাকসুদুল আলম খান মাসুদ বিনা প্রতিদ্বন্ধিতায় আগেই নির্বাচিত হয়েছেন।

ইত্তেফাক/জেডএইচডি