স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের ফেরিঘাট ও মহাসড়কগুলোতে চাঁদাবাজ-মাস্তানদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন সরকারের হাতে এসেছে। এই প্রতিবেদন অনুযায়ী তাদের তালিকা করা হয়েছে। এসব চিহ্নিত চাঁদাবাজ ও মাস্তানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সতর্ক করার পরও যারা এই অপরাধ আবার করবে, তাদের আর ছাড় দেওয়া হবে না, যথাযথ আইনের আওতায় আনা হবে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজরা চিহ্নিত, তাদের পার পাওয়ার কোনও সুযোগ নেই। তারা যে দলেরই হোক, যত শক্তিশালীই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদাবাজদের না ধরে সংশোধনের সুযোগ দিচ্ছেন? সরকার কি তাদের প্রতি দুর্বল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার দুর্বল নয়। অপরাধী যে-ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না। এসব চাঁদাবাজরাও এর বাইরে নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মুহূর্তে চাঁদাবাজদের তালিকা প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে তারা পালিয়ে যেতে পারে। তবে এতে বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম উল্লেখ আছে। তিনি বলেন, আমরা অতিরিক্ত পৌর টোল আদায়ের অভিযোগ পাচ্ছি। আমরা বলেছি, পৌরটোলসহ কোনও টোল নির্ধারিত হারের অতিরিক্ত আদায় করা যাবে না। এজন্য সংশ্লিষ্ট এলাকার ডিসি ও এসপিরা কাজ করবেন। এছাড়া হাইওয়েতে যানজট নিরসনেও ডিসি ও এসপিরা কাজ করবেন। এ ছাড়া বিভিন্ন পরিবহনে যারা সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে, তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, দেশের প্রতিটি ফেরিঘাট সিসি টিভির আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে পর্যালোচনা করা হবে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কি না। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে তিনঘণ্টাব্যাপী এ সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ফেরিঘাট সংশ্লিষ্ট জেলার ডিসি ও পুলিশ সুপার, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতারা ।
‘কানাডা নূর চৌধুরীর অভিবাসন চুক্তি নবায়ন করেনি’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শুনেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অন্যতম নূর চৌধুরীর অভিবাসন চুক্তি কানাডা সরকার নবায়ন করেনি, যা আমাদের জন্য শুভ সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূর চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে যতো ধরনের ব্যবস্থা দরকার তা আমরা নিয়েছি, একের পর এক করে যাচ্ছি। নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে।
ইত্তেফাক/এএন
