মোহামেডান শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে তাদের ফুটবল দলের অধিনায়ক গিনির ইসমাইল বাঙ্গুরাকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ইসমাইল বাঙ্গুরা দলের অনুশীলনে অনিয়মিত। যে কারণে মাঠে নেমে তার কাছ থেকে খেলা আদায় করা যাচ্ছে না। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ৩-০ গোলে হেরেছে মোহামেডান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইসমাইল বাঙ্গুরার কাছ থেকে প্রত্যাশানুযায়ী খেলাটা পাওয়া যায়নি। শুধু এখানেই শেষ নয়, ইসমাইল বাঙ্গুরার পারফরম্যান্স নিয়ে মোহামেডান সন্দেহ করছে। কর্মকর্তাদের মধ্যে ধারণা বাঙ্গুরা রহস্যজনক কারণে নিজের খেলাটাকে আড়াল করছেন। মোহামেডানকে ভুগাচ্ছেন। মোহামেডানের ফুটবল কর্মকর্তা মাহবুব রব জানিয়েছেন, বাঙ্গুরা মোহামেডানের মতো ফুটবল দলের অধিনায়ক, এটা তার জন্য বড় গৌরবের। সারাজীবন ইতিহাসে লেখা থাকবে। এমন সহজ কথাটা অনুধাবন করতে পারছেন বাঙ্গুরা।’ মোহামেডান সিলেটে যাবে লিগের ম্যাচ খেলতে। সেখানে বাঙ্গুরাকে নেয়া হবে কিনা নিশ্চিত না। বাঙ্গুরাকে বাদ দিয়ে একাদশ গড়ার পরিকল্পনা করছে মোহামেডান।
শুধু বাঙ্গুরাই না দলের চার বিদেশির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন। তিনি কাল মোহামেডান কোচ জসিম উদ্দিন জোসীকে ডেকে পাঠিয়েছেন। জবাবদিহিতা চেয়েছেন। কোচের কোনো যুক্তি মানতে রাজি না তিনি। কোনো অজুহাত মানতে চান না লোকমান হোসেন। দল যদি ভালোই খেলে থাকে কেন তিন গোল হবে। ম্যাচের শেষ দিকে ৩ মিনিটে ২ গোল হবে কেন। নানা কথার মারপ্যাচ চলেছে ঘন্টা দুই। দুই দিন আগে খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়া হয়েছে যেন মাঠে গিয়ে পারিশ্রমিক নিয়ে টেনশন না করে। তারপরও খেলোয়াড়রা প্রতিদান দিতে পারছেন না। তবে এখনই খেলোয়াড়দের সাথে বসছেন না কর্মকর্তারা। সিলেট থেকে দল ঢাকায় ফেরার পর খেলোয়াড়দের সাথে বসবে মোহামেডান কর্মকর্তারা। লিগে বর্তমানে ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন ১২ দলের মধ্যে ১০ নম্বরে রয়েছে। শেখ রাসেল ক্রীড়া চক্র এবং মোহামেডান এখনও লিগে কোনো ম্যাচ জিততে পারেনি। মোহামেডানের ড্র ৫টা হেরেছে ২টা। আবাহনীকে হারিয়ে ফিরতে চেয়েছিল কিন্তু সেটা হতে দেয়নি আবাহনীকে। এখন সিলেটে শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ। তার প্রস্তুতি নিতে শুরু করেছে মোহামেডান কোচ জোসী।
গতকালই অনুশীলন শুরু করছে মোহামেডান। কিন্তু সমস্যা হলো মোহামেডানের গোলকিপার সাইফুল কাউকে কিছু না বলে ক্লাব টেন্ট থেকে বাড়ি চলে গিয়েছেন বলে জানিয়েছেন কোচ জোসী। কাল বিকালে অনুশীলনে যাওয়ার সময় পাননি কৃষ্ণ এবং সজিবকে। এমন পরিস্থিতিতে কোচ জোসী মনে করছেন এভাবে চলা যায় না।
ই্ত্তেফাক/এমএইচ
