চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ডাকাতদলের হামলায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। নিহত ভুলু হোসেন (৩৪) উপজেলার নতীডাঙ্গা গ্রামের রবিউল হোসেনের ছেলে। আহতরা ওই গ্রামেরই বাসিন্দা।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ-আঠারোখাদা সড়কের মধুখালী নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। তাদের আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ জানায়, সন্ধ্যায় উপজেলার নতীডাঙ্গা গ্রামের ১৯-২০ জন গরু ব্যবসায়ী জেলার জীবননগর উপজেলার শিয়ালমারী পশুহাটে গরু বিক্রি করে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। রাত নয়টার দিকে ওই সড়কের মধুখালীতে ২৪-২৫ জনের একদল ডাকাত রাস্তার উপর ব্যারিকেড সৃষ্টি করে তাদের গতিরোধ করে। এ সময় বাধা দিলে ডাকাতদল গরু ব্যবসায়ীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। এবং ধারালো অস্ত্রদিয়ে তাদেরকে এলোপাতাড়ি কোপায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, ডাকাতদের গ্রেফতারে অভিযানে নেমেছে।
ইত্তেফাক/এএসএমইউ
