‘নির্বাচন কমিশন গঠন করবে রাষ্ট্রপতি, সরকার নয়’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৫৫
বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, নির্বাচন কমিশন গঠনের সম্পূর্ণ এখতিয়ার রাষ্ট্রপতির। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন। রাষ্ট্রপতি আওয়ামী লীগের কেউ নন, এমনকি সরকারেরও কেউ নন। তাই বিএনপিকে বলবো নির্বাচন কমিশন গঠন করা নিয়ে আপনারা সরকারের কাছে আলোচনার যে দাবি জানাচ্ছেন তা অমূলক। সবকিছু নিয়ে প্রশ্ন তোলা, বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা আপনাদের পুরনো অভ্যাস। আপনারা উচ্চ আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলেন, যুদ্ধাপরাধীদের রায় নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান। এখন শুরু করেছেন নির্বাচন কমিশন নিয়ে। দয়া করে এসব অভ্যাস পরিহার করে বাংলাদেশের সংবিধান পড়ুন। সংবিধানেই উল্লেখ করা আছে নির্বাচন কমিশন গঠন করার এখতিয়ার কেবল রাষ্ট্রপতির।
 
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, পূর্বের ন্যায় এবারো নিশ্চয় আলাপ-আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ দিবেন।
 
হাছান মাহমুদ বলেন, বিএনপি সংবাদ সম্মেলনে বলেছে তারা নাকি দেশের ভিতরে অস্থিরতা পছন্দ করে না, তারা অস্থিরতায় বিশ্বাসী নয়।বিএনপির এ বক্তব্য ভূতের মুখে রাম নামের মতো। রাজনীতির নামে বিএনপি পেট্রোল বোমার যে নৃশংস রাজনীতি এ দেশে করেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাদের নৃশংসতা থেকে নিরীহ পশুপাখি এমনকি গাছপালাও রেহাই পায়নি। যারা (বিএনপি) সবসময়ই দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের মুখে এমন বক্তব্য আসলে জাতির সাথে মশকরা ছাড়া আর কিছুই নয়।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বনেতা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে তিন ডজনেরও বেশি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের সকল পরাশক্তির সামনে, বিশ্ব নেতাদের সামনে তিনি যেভাবে যুদ্ধের বিরুদ্ধে এবং মানবকল্যাণের পক্ষে বক্তব্য রেখেছেন তা কেবল শেখ হাসিনার পক্ষেই সম্ভব। শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের নেতা নন, তিনি এখন সমগ্র বিশ্বের নেতা।
 
বিএনপিকে বিষধর সাপের সাথে তুলনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, সাপ যেমন বিপদে পড়লে গর্তে লুকিয়ে থাকে তেমনি বিএনপিও এখন রাজনীতির নামে নানা অপকর্ম করে চাপের মুখে পড়ে গর্তে মুখ লুকিয়ে রেখেছে। সুযোগ পেলেই সাপ যেমন ফণা তুলে বিএনপিও তেমন সু্যোগের অপেক্ষায় আছে। তাই এ বিষধর সাপ সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
 
সংগঠনের উপদেষ্টা মীর আবু হানিফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অরুণ সরকার রানা, জিন্নাত আলী, এমএ করিম প্রমুখ। 
 
 
 
ইত্তেফাক/এমআই