ইসলামাবাদে রাতের আকাশে এফ-১৬ যুদ্ধবিমানের মহড়া

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৩
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আকাশে এফ-১৬ জঙ্গিবিমান মহড়া দিয়েছে বলে জানা গেছে। সাংবাদিক হামিদ মীর টুইটারে লিখেছেন, রাত ১০:২০ মিনিটে ইসলামাবাদের আকাশে উড়ছে এফ-১৬ বিমান।
 
দেশটির সেনাবাহিনীর সূত্রগুলো জানিয়েছে, সামরিক মহড়ার অংশ হিসেবে যুদ্ধ বিমানগুলো উড়েছে। এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তারা। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, এটা পাকিস্তানের রুটিন মহড়া।
 
কাশ্মিরে অনুপ্রবেশকারীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়। সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোসহ ইসলামাবাদের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রেখেছে নয়া দিল্লি। সীমান্তে ভারতীয় বাহিনীর নিরাপত্তার জন্য পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি আস্তানায় হামলার দাবি উঠেছে দেশটির রাজনৈতিক মহল থেকে।
 
এমন উত্তেজনার মধ্যে রাজধানীর আকাশে যুদ্ধ বিমানের মহড়াকে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি হিসেবেও ব্যাখ্যা করেছে ভারতের অনেক গণমাধ্যম।
ইত্তেফাক/এমএএস