বাজারে যেন এখন একটিই মাছ- তা হলো ইলিশ। ঝকঝকে চকচকে রুপালী ইলিশে সয়লাব রাজধানীর বাজারগুলো। দামও নাগালের মধ্যে। কিছুদিন আগেও যে ইলিশ ছিল সাধারণ ক্রেতার নাগালের বাইরে তা এখন তাদের বাজারের ব্যাগে উঠে এসেছে। ৫০০ গ্রাম ওজনের ১ কেজি ইলিশ পাওয়া যাচ্ছে সাড়ে ৩’শ থেকে ৪’শ টাকায়। আর ১ কেজি ওজনের ইলিশ ৯’শ থেকে ১ হাজার টাকায়। ইলিশের এ ‘উৎসবে’ ক্রেতারাও ইচ্ছামতো ইলিশ কিনছেন। কেউ দুটো আবার কেউ ১ হালি পর্যন্ত ইলিশ কিনছেন। আর এর প্রভাবে বাজারে অন্যান্য মাছের দামও কিছুটা কমেছে।
শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও নিউমার্কেটসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে মাছের দরের এ চিত্র পাওয়া যায়। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি)’র হিসেবেও মাছের দাম কমার তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটির হিসেবে এক মাস আগে প্রতি কেজি ইলিশের দাম ছিল ৮০০ থেকে ১০০০ টাকা। যা গতকাল ছিল ৫০০ থেকে ৮০০ টাকা।
কাওরানবাজরের মাছ ব্যবসায়ী কবির হোসেন বলেন, এখনতো ইলিশের মৌসুম চলছে। দামেও স্বস্তা। ক্রেতারাও ইলিশ ছাড়া আর কিছুই বোঝে না। তাই ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের দাম কিছুটা কমেছে।
এই মাছ ব্যবসায়ী বলেন, নদীতে ও সাগরে এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে। বাজারেও ইলিশের সরবরাহ প্রচুর। তাই ইলিশের দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে।
শুক্রবার বাজারে অন্যান্য মাছের মধ্যে রুই ও কাতলা আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ১২০ থেকে ১৪০টাকা, চাষের কই মাছ ১২০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কম।
এদিকে বাজারে মাছের দাম কমলেও সবজির দাম চড়া। বাজারভেদে প্রতি কেজি ঢেঁড়স ৪৫ থেকে ৫০ টাকা, কাকরোল ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ৯০ থেকে ১০০ টাকা, সিম ১১০ থেকে ১৫০ টাকায়, পেঁপে ৩০ টাকা, মূলা ৫০ থেকে ৫৫ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা ও ঝিঙ্গা ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।
নিউমার্কেটের সবজি বিক্রেতা আমজাদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ায় সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে সবজির সববরাহ কমে গেছে। এছাড়া ঈদের পরপর সবজির চাহিদা কম থাকলেও এখন আবার বাড়ছে। তবে খুব শিগগিরই সবজির দাম কমে যাবে।
এদিকে গত কয়েক দিনের তুলনায় কাঁচামরিচের দাম কমেছে। গত সপ্তাহে কাঁচামরিচ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হলেও গতকাল ১২০ টাকায় বিক্রি হয়। কমেছে আদার দামও। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আদায় ২০ থেকে ৪০ টাকা কমে ৬০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়। তবে দাম বেড়েছে চিনির। কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়।
শুক্রবার বাজারে মাংসের মধ্যে প্রতি কেজি গরুর মাংস ৪০০ থেকে ৪২০ টাকা, খাসী ৬০০ থেকে সাড়ে ৬’শ টাকা, ব্রয়লার মুরগী ১২৫ থেকে ১৩৫ টাকা কেজিতে বিক্রি হয়। এছাড়া ডিমের মধ্যে ফার্মের প্রতি হালি লাল ডিম ৩৩ টাকা, দেশি মুরগি ও হাঁসের ডিম ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
ইত্তেফাক/এমআই
