প্রবীণ জাসদ নেতা ডা. মোয়াজ্জেম হোসেন আর নেই

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৩
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভারসিটির (বিএসএমএমইউ) সাবেক কোষাধ্যক্ষ ডা. মোয়াজ্জেম হোসেন (৬৬) আর নেই।
 
শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ব্লাডক্যান্সার ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. পারভীন ফাতেমা, দুই কন্যা, দুই পুত্র, চিকিৎসক-সহকর্মী, রাজনৈতিক-সহযোদ্ধা, ছাত্র-ছাত্রী এ গুণগ্রাহী রেখে গেছেন।
 
গণভবন জামে মসজিদে সন্ধ্যা ৬টায় মরহুম ডা. মোয়াজ্জেম হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাকে আজিমপুর করবস্থানে সমাহিত করার কথা।
 
ডা. মোয়াজ্জেম ১৯৫১ সালের ১৩ ডিসেম্বর গাজীপুরের কালিয়াকৈরে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ছাত্রলীগের নিউক্লিয়াসপন্থী অংশের রাজনীতিতে যুক্ত হন। ৬ দফা ও ১১ দফার আন্দোলনে তিনি বীরোচিত ভূমিকা রাখেন। ১৯৭২-৭৩ সালে তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অনুসারী বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৭৩-৭৪ সালে কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।
 
মৃত্যুকালে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক সভাপতি, বিএসএমএমইউ শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির কয়েকবারের সভাপতি এবং বাংলাদেশ চিকিৎসক সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি ডা. মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
 
এক বিবৃতিতে বাঙালির জাতীয় স্বাধীনতার আন্দোলন ও সামরিক-বেসামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের বীর যোদ্ধা ও স্বনামধন্য শিশু চিকিৎসক ডা. মোয়াজ্জেমের মৃত্যুকে জাতির জন্য অপূরণীয় ক্ষতি আখ্যায়িত করে তারা তার অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা তার শোকসন্তপ্ত পরিবার, পরিজন, সহযোদ্ধা, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও গুণমুগ্ধদের গভীর সমবেদনা জানান।
 
ইত্তেফাক/এসএস