শিক্ষার হার নয়, গুণগত মানও বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২২
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকেই তরুণ। সময় থাকতে তরুণদের উৎপাদনশীল ও দক্ষ করে তুলতে হবে। শিক্ষিতের হার শুধু সংখ্যায় বাড়ালে চলবে না, গুণগত মানও বাড়াতে হবে। সেই সঙ্গে অর্জিত জ্ঞান যাতে খারাপ কাজে লাগাতে না পারে, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে। 
 
শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে দুই দিনব্যাপী বাংলাদেশ সোসাইটি অফ অ্যাগ্রোনমি আয়োজিত ১৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
সংগঠনটির সভাপতি মো. আবদুল জলিল মৃধা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে ভিশনারি বক্তব্য দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মাইক রবসন। কৃষিতত্ত্ব ও উপজীবিকা বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক আবদুল কাদের এবং ফ্রিল্যান্স কনসালটেন্ট মইন-আস-সালাম।
 
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. রফিকুল ইসলাম মণ্ডল এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর হক চৌধুরী।
 
ইত্তেফাক/ইউবি
 
এ বারের সম্মেলনে দুজন গবেষককে সেরা কৃষিতত্ত্ববিদ ঘোষণা করা হয়। সেরা কৃষিতত্ত্ববিদ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষক নুর-ই-এলাহী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক আবদুর রহমান সরকারকে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষামন্ত্রী।