‘প্রত্যেক পরিবারে জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৭
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, প্রত্যেক পরিবারে ও এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে হবে। 
 
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন থানা ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন। 
 
তিনি বলেন, ‘বাংলার মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছি। জনগণের সমর্থন আছে বলে আমরা জঙ্গি নির্মূলে সক্ষম হচ্ছি। অল্প সময়ে যেসব জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের আমরা কঠোর হাতে দমন করেছি।’
 
আইজিপি বলেন, সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে বিশ্বাস করে। তাই জনগণকে সম্পৃক্ত করে প্রত্যেকটা এলাকায়, এমনকি প্রত্যেকটা পরিবারে জঙ্গিবাদের বিরুদ্ধ দুর্গ গড়ে তোলা হবে।
 
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম,  ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. রেজওয়ানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি