একজন সবুজ মাঠে ছড়িয়ে দেন ফুটবল সৌন্দর্য। আরেকজন রুপালি পর্দায় দুর্দান্ত সব অ্যাকশনে আনন্দ ছড়ান দর্শকদের মাঝে। সেই নেইমার আর ‘দ্য টারমিনেটর’ খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার একসঙ্গে এসে মিললেন বার্সেলোনা শহরে।
অভিনেতা হলেও শোয়ার্জনেগারের প্রতিভা বহুমুখী। বডিবিল্ডার, ব্যবসায়ী, লেখক কিংবা রাজনীতিবিদ- সব পরিচয়েই পরিচিত এই অস্ট্রিয়ান-আমেরিকান অভিনেতা। ‘আর্নল্ড ক্লাসিক ইউরোপ’- নামের একটি শরীর গঠন ইভেন্টের প্রচারণার কাজে স্পেনের বার্সেলোনায় আসেন শোয়ার্জনেগার। কাজের ফাঁকে একটু টু মেরে যান বার্সেলোনার অনুশীলনে। হলিউডের বিখ্যাত অভিনেতাকে একটি জার্সি দিয়ে উষ্ণ অভিবাদন জানায় বার্সা।
পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেইমারের সঙ্গে ছবি পোস্ট করে শোয়ার্জনেগার লিখেন, ‘একজন সত্যিকারের চ্যাম্পিয়ন নেইমার জুনিয়রের সঙ্গে সাক্ষাৎ করে আর্নল্ডস্পোর্টস ইউরোপের শুরুটা কী সুন্দরই না হল। তোমার সঙ্গে দেখা করে ভালো লাগছে বন্ধু।’ নেইমারও উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেননি, ‘পরবর্তী সাক্ষাতের জন্য প্রতীক্ষায় থাকলাম।’
ইত্তেফাক/এসএসএ
