স্পিনারদের নৈপুণ্যে ভারত কানপুর টেস্টে ঘুরে দাড়িয়ে ২১৫ রানে এগিয়ে থাকলো। স্বাগতিকরা এ টেস্টের প্রথম দিনে ৩১৮ রান তোলার পর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা শনিবার তৃতীয় দিনে স্বাগতিক স্পিনারদের দাপটে ২৬২ রানে গুটিয়ে যায়।
এরপর দিনের অবশিষ্ট খেলায় বিরাট কোহলির দল এক উইকেটে ১৫৯ রান তোলে। ফলে প্রথম ইনিংসে ৬৬ রানে এগিয়ে থাকা ভারত বড় ব্যবধান গড়তে চলেছে। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন একাই লড়ে যান কাল। তার সংগ্রহ ৭৫ রান। এছাড়া লাথাম ৫৮, রনচি ৩৮ ও স্যাটনার করেন ৩২। সফরকারীদের ছয়জন ব্যাটসম্যান এলবিডব্লিউর শিকার হন। এই নিয়ে কেবল দ্বিতীয়বার, ভারতের বিপক্ষে এক ইনিংসে এতজন ব্যাটসম্যান এলবিডব্লিউ’র শিকার হলেন ।
উইকেটগুলোর মধ্যে রবিচন্দন অশ্বিন চারটি ও রবীন্দ্র জাদেজা পাঁচটি নেন। ১৮ টেস্টে জাদেজার এটি পঞ্চম দফায় ৫ উইকেট পাওয়া। অথচ নিউজিল্যান্ড দিন শুরু করেছিল ভাল অবস্থানে থেকে। কেননা আগের দিনের সঞ্চয় এক উইকেটে ১৫২ রান নিয়ে খেলতে এসেছিলেন ল্যাথাম ও উইলিয়ামসন।
আগের দিন দারুণভাবে স্পিন সামলালেও কাল দুজনে সকালেই ফিরে স্পিনে পরাস্ত হয়ে ফিরে গেলে ব্ল্যাক ক্যাপরা ক্রমশ কোণঠাসা হতে থাকে। দুজনকে হটিয়ে দেন অফ স্পিনার অশ্বিন। ভারতের হাতে এখনও আছে ৯ উইকেট। উইকেটের যা অবস্থা এবং ইতোমধ্যেই বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় নিউজিল্যান্ডের জন্য টেস্টটি যে বিপদ ডেকে আনছে তাতে কোন সন্দেহ থাকছে না।
ইত্তেফাক/এসএসএ
