ঢাকা মেট্রোর হয়ে ক্রিকেটে ফিরছেন আশরাফুল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৩
জাতীয় ক্রিকেট লিগের ১৮তম আসরের মধ্য দিয়ে রবিবার থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ম্যাচ ফিক্সিং করায় দীর্ঘ তিন বছর সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কৃত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 
 
সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ানের বাড়ি ঢাকায় হওয়ায় স্বভাবতই তিনি ঢাকা মেট্রোর হয়ে খেলবেন। ওয়ালটন জাতীয় লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে খুলনা, রাজশাহী, বগুড়া ও সিলেটের ভেন্যুতে। চারটি ভেন্যুর খেলাই সকাল সাড়ে নয়টায় শুরু হবে। প্রতি বছরের মতো এবারও দেশের সাতটি বিভাগের সাথে খেলবে ঢাকা মেট্রো। গতবারের মতো এবারও চারদিনের এই প্রতিযোগিতাটি দুই স্তরে হবে। 
 
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে প্রথম স্তরের খেলায় ঢাকা মেট্রোর প্রতিপক্ষ ঢাকা বিভাগ। প্রথম স্তরের দ্বিতীয় খেলাটি হবে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক খুলনা বিভাগের প্রতিপক্ষ বরিশাল বিভাগ। রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের প্রথম খেলায় স্বাগতিক রাজশাহী বিভাগের প্রতিপক্ষ সিলেট বিভাগ। সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে রংপুর বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ।
 
ইত্তেফাক/এসএসএ