ভারতে পালানোর সময় শিবির নেতা গ্রেফতার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৮
 
ভারতে পালিয়ে যাওয়ার সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন শিবির সভাপতি কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে।
 
নাশকতা মামলায় পুলিশের গ্রেফতার এড়াতে পালিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে ধরে ফেলে। পাটগ্রাম থানা পুলিশ বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর মিঠাইরবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট এলাকার আব্দুল্লাহর ছেলে কামরুজ্জামান দীর্ঘদিন থেকে নাশকতা মামলায় গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। শনিবার বাড়িতে আসলে বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে গ্রেফতার করতে বাড়ি ঘেরাও করে। এ সময় পালিয়ে পার্শ্ববর্তী সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েন। ওদিকে ভারতীয় বিএসএফ তাকে ধরে ফেলে।
 
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বলেন, কামরুজ্জামানের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে। এজন্য তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।