আসন্ন দুর্গাপূজা সুচারুভাবে সম্পন্ন করা সম্পর্কিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রশাসন এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। প্রতিমা তৈরি এবং পূজার সময় প্রশাসনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজনকেও স্বেচ্ছাসেবী হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালনের বিষয়টির উপরও গুরুত্বারোপও করেন তারা।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে ‘আসন্ন দুর্গা পূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়নে অনুষ্ঠিত হয়।
হিন্দু মহাজোট সভাপতি প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক ও আর্ন্তজাতিক আপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউরেটর এডভোকেট রাণাদাস গুপ্ত। এছাড়াও বক্তব্য রাখেন- হিন্দু মহাজোটের মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস, প্রধান সমন্বয়ক শ্যামল কুমার রায়, ভারত সেবাশ্রমের প্রধান সঙ্গীতানন্দ মহারাজ, সত্সংঘ রিচার্স সেন্টারের পরিচালক প্রকৌশলী প্রদীপ কুমার মন্ডল ।
এডভোকেট রানা দাস গুপ্ত দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর প্রতি পূজার নিরাপত্তায় দলমত নির্বিশেষে সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, ধর্মের নামে যারা সাম্প্রদায়িক আচরণ ও সংখ্যালঘু নির্যাতন করে মানববতাবিরোধী অপরাধ করে তাদেরকে প্রতিহত করতে হবে ।
ইত্তেফাক/এএম।
