বিনা ছুটিতে ৯ বছর ধরে মার্কেট চালাচ্ছে বিড়াল!

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৬
অবাক হতে পারেন আপনি, কিন্তু এটাই সত্যি যে, একটানা ৯ বছর ধরে সুপার মার্কেট চালাচ্ছে একটি বিড়াল, তাও কোনও ছুটি না নিয়েই! 
 
নিউ ইয়র্কের চায়না টাউনের কাছেই একটি সুপার মার্কেট রয়েছে। এই মার্কেট দেখভালের দায়িত্ব পালন করছে 'বোবো' নামের ওই বিড়াল।
 
৯ বছর আগে সুপার মার্কেটের এক কর্মী অ্যানি বিড়ালটিকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আসেন। তার পর থেকেই বোবোর ঠিকানা হয়ে যায় নিউইয়র্কের এই সুপার মার্কেট। কর্মীদের পাশাপাশি ক্রেতাদেরও খুব আদরের এই বোবো।
 
অ্যানি জানান, সুপার মার্কেটে প্রবেশ পথের সামনেই বসে থাকে বোবো। সেখানে আগত ক্রেতাদের শুভেচ্ছা জানানোর ফাঁকে কখনও কখনও জানালা দিয়ে উঁকিও দিতে থাকে। 
 
তিনি আরও বলেন, এমনিতে বোবো খুবই শান্ত স্বভাবের। বোবো এই সুপার মার্কেটের রাজা বলা যায়। এই সুপার মার্কেটে যারা কাজ করেন তারা মাঝে-মধ্যে ছুটি নিলেও বোবো কোনদিন ছুটি নেয়নি এখনও পর্যন্ত। সকাল থেকে রাত পর্যন্ত সে সুপার মার্কেটের তদারকিতেই ব্যস্ত থাকে।
 
 
৯ বছর ধরে বোবোর অনেক নতুন বন্ধুও হয়েছে। তাদের নিয়েই ব্যস্ত থাকে বোবো। ক্রেতাদের সেলফি তোলার আবদার মেটানোর পাশাপাশি সুপার মার্কেট থেকে কেউ যাতে কোন জিনিস চুরি করে নিয়ে যেতে না পারে তার দিকেও সবসময় নজর থাকে বোবোর।
 
ইদানীং বোবোর ভক্ত সংখ্যাও বেড়েছে অনেকটাই। তাই সুপার মার্কেটের কর্মী অ্যানি, বোবোর একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও চালু করেছেন, যেখানে বোবোর দৈনন্দিন কার্যকলাপের ছবি আপলোড করা হয়।
 
ইত্তেফাক/এএম