সংসদ অধিবেশন শুরু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫১
দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত এই অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছে।
 
অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে মেয়াদ ঠিক হয় বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। ১০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
 
রবিবার বিকেল ৫টা ৭ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে।
 
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল হাসানাত আব্দুল্লাহ, প্রধান হুইপ আ স ম ফিরোজ, আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন।
 
কমিটির সদস‌্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
 
 
সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য বসা এই অধিবেশন গত ৫ সেপ্টেম্বর আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
 
সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে।
 
কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বিকাল ৫টায় অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাগত জানান স্পিকার।
 
এরপর তিনি চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করেন।
 
এই অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আব্দুল মতিন খসরু, মাহমুদ উস সামাদ চৌধুরী, এনামুল হক, ফখরুল ইমাম ও আয়েশা ফেরদৌস। 
 
 
ইত্তেফাক/এমআই