সচিবালয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অফিস সময়ের পর সচিবালয়ে কেউই অবস্থান নিতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অফিস সময়ের পর মন্ত্রণালয় ও বিভাগের কোনও কর্মচারীও সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয়ের সচিব বরাবরে দেওয়া চিঠিতে এমন অনুরোধ জানানো হয়েছে।
জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী আছাদুজ্জামান খান কামাল ইত্তেফাককে বলেন, নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিছু কিছু স্টাফ সচিবালয়ে রাত্রিযাপন করেন এবং অনভিপ্রেত কার্যক্রমে যাতে তারা জড়িয়ে না পড়েন সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এ নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন মন্ত্রী সচিব বা জরুরী প্রয়োজনে সরকারি কাজে যারা ব্যস্ত থাকবেন তাদের ক্ষেত্রে এ আদেশ ক্ষতিকর হবে না। রাত্রীযাপনকারী কিছু স্টাফকে চিহ্নিত করার পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২-এর যুগ্ম সচিব মো. সাহেদ আলী স্বাক্ষরিত একটি চিঠি সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র হওয়ায় জরুরি প্রয়োজনে অফিস সময়ের পরও কোনও কোনও কর্মকর্তা-কর্মচারী অফিসে কাজ করেন। আবার কিছু সংখ্যক কর্মচারী বিনা অনুমতিতে সচিবালয়ে রাতে থাকেন, যা কাম্য নয়। বাংলাদেশ সচিবালয় সংরক্ষিত ও স্পর্শকাতর বিধায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া পূর্বানুমতি ছাড়া রাতে কেউ সচিবালয়ে অবস্থান করতে পারবেন না। অনুমতি ছাড়া কোনও কর্মচারী রাতে যেন সচিবালয়ে না থাকেন, সেই বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।’
সচিবালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে মন্ত্রণালয় ও বিভাগের কোনও কর্মচারী অফিস সময়ের পর যেন সচিবালয়ে অবস্থান না করেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়। আর যদি কোনও কর্মচারীর রাতে সচিবালয়ে অবস্থান করা অপরিহার্য হয়, তবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে। এছাড়া দীর্ঘসময় থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার জন্যও অনুরোধ জানানো হয় চিঠিতে।
