সিলেট অফিস ও ওসমানীনগর সংবাদদাতা সিলেটে ওসমানীনগর থানার তৎকালীন ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় ১২১ আসামিদের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করেছেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট নজরুল ইসলামের আদালত।
সোমবার আসামিরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী সুহেল আহমদ চৌধুরী জানান, ১২১ আসামি আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। আসামিদের জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে।
২০১৪ সালের ১৭ ডিসেম্বর ওসমানীনগরের গোয়ালাবাজারে অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার সময় ওসমানীনগর থানার তৎকালীন ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ওসি মোস্তাফিজুর রহমান আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আতাউর রহমাম মানিকসহ রাজনৈতিক নেতা ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাসহ সহ অজ্ঞাতনামা অন্তত ৮’শ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
