‘দারিদ্র্য নিরসনে সরকার মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৩
 
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘দেশের দারিদ্র্য নিরসনে বর্তমান সরকার মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে।’
 
সোমবার সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ’র এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, এ জন্য সরকার বিগত মেয়াদে ‘রূপকল্প : ২০২১’ সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২১)’ প্রণয়ন করে। পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
 
আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রেক্ষিত পরিকল্পনায় গৃহীত সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহের অন্যতম হচ্ছে: ‘২০২১ সাল নাগাদ দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণের সংখ্যা বর্তমানে (২০১০) ৩১ দশমিক শতাংশ থেকে ১৩ দশমিক ৫ শতাংশ নামিয়ে আনা।

ইত্তেফাক/এএম।