বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েরও সব রেকর্ড চান সাকিব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৭
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ উইকেট নেওয়ার ভেতর দিয়ে দেশের সেরা ওয়ানডে উইকেট শিকারী হয়ে গেছেন সাকিব আল হাসান। সাথে সাথে বিশ্বের একমাত্র বোলার হিসেবে নিজের দেশের সব ফরম্যাটের সেরা উইকেট শিকারীও হলেন। সাকিব বলছেন, এটা ভালো; তবে এর সাথে আরেকটু হলে ভালো হতো!
 
কি রকম ব্যাপারটা! ম্যাচসেরা হয়ে রবিবার সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেছেন, তিন ফরম্যাটের সর্বোচ্চ রান আর সর্বোচ্চ উইকেট, দুটোই চাই তার। যদিও ইদানীং ব্যাটিংয়ের সুযোগ কম পাচ্ছেন বলে রেকর্ডটা তার হাতে নেই বলে দাবি সাকিবের। তবে হাল ছাড়ছেন না। সাকিব বলেন ‘ভালো লাগছে। তবে এই সাথে তিন ফরম্যাটে সর্বোচ্চ রান স্কোরার হলে আরও ভালো লাগত। শেষ এক বছরে দল এত ভালো খেলছে যে ব্যাটিংয়ের সুযোগ হচ্ছে না খুব একটা। সেটা না হলে হয়ত ব্যাটিংয়ে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান থাকত। অবশ্যই ভালো লাগে অর্জনগুলো। তবে যেটা বললাম, যদি রান ও উইকেট দুটিতেই তিন ফরম্যাটে সবার ওপরে থাকতাম, তাহলে অনেক বড় অর্জন মনে হতো। তবে সুযোগ আছে। দেখা যাক, ক্যারিয়ার শেষ হতে হতে কোন অবস্থায় যাই।’
 
তিন ফরম্যাটে সর্বোচ্চ উইকেট সাকিব ছাড়া কারো নেই। তিন ফরম্যাটে সর্বোচ্চ রানও তামিম ইকবাল ছাড়া কারো নেই। ফলে সাকিবকে এই রেকর্ড করতে গেলে সব ফরম্যাটেই তামিমকে হারাতে হবে। সাকিব আবারও দুষ্টুমিতে মাতলেন। হেসে বললেন, তামিমকে তিনি চ্যালেঞ্জ জানানোর সুযোগ পাচ্ছেন না বলেই তামিম পেরেছেন, ‘এক সময় তো দুটাতে আমিই সর্বোচ্চ ছিলাম রানে। গত এক বছরে ওরা এত ভালো খেলছে যে আমি ৩০-৪০ ছাড়া বেশি করার সুযোগ নাই। তাই ও ওপরে চলে গেছে।’
 
এরপরই মজাটা পাশে রেখে একটু সিরিয়াস হয়ে বললেন, এই লড়াইটা আসলে স্রেফ মুখে মুখে। মূল ব্যাপার হলো, তারা চান, দলের সবাই আরও আরও রান করুন। আরও উইকেট নিন। একেবারে নাম ধরে বললেন, ‘আমি, তামিম, মুশফিক ভাই, আমরা তিনজনই তিন ফরম্যাটে অনেক রান করা আছে। আশা করি বাংলাদেশের হয়ে তিনজন আরও আরও, যতদিনই খেলি, এভাবেই অবদান রাখতে থাকি। আর আলটিমেটলি কেউ সামনে থাকবে, কেউ সেকেন্ড হবে, কোউ থার্ড, ওসব নিয়ে আমার ভাবনা নেই। গুরুত্বপূর্ণ হলো দলের জন্য অবদান রাখতে পারা। আল্টিমেটলি ফোকাস থাকে দলে কতটা অবদান রাখতে পারি এবং দলের প্রয়োজনে কতটা ভালো খেলতে পারি।’ 
 
ইত্তেফাক/এসএসএ