সুমনকেই এগিয়ে রাখছেন মাশরাফি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৫
পরিসংখ্যানের বিচারে হাবিবুলকে ছাড়িয়েই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সফলতম অধিনায়ক এখন মাশরাফি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের জয় ছিল মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের ৩১তম জয়। হাবিবুলের নেতৃত্ব বাংলাদেশ জিতেছিল ৩০ ম্যাচ।
 
এই অর্জনটাকে মাশরাফি নিজে যথারীতি পুরো দলের অর্জন হিসেবে দেখছেন, ‘অধিনায়কত্বের অর্জন কখনোই একার কিছু নয়। দল ভালো করেছে বলে, ছেলেরা সবাই নিজেদের উজাড় করে দিয়েছে বলেই আমরা ম্যাচের পর ম্যাচ জিততে পেরেছি।’ এই অর্জন করতে গিয়ে মাশরাফি টপকে গেছেন হাবিবুল বাশারকে। হাবিবুলের চেয়ে ৩৪ ম্যাচ কম খেলেই জয় সংখ্যায় তাকে ছাড়িয়ে গেছেন মাশরাফি। ৮৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন হাবিবুল, মাশরাফি ৫৩ ম্যাচে। 
 
তবু মাশরাফি এগিয়ে রাখছেন সাবেক অধিনায়ককেই, ‘কারও কাছ থেকে রেকর্ড নেওয়া বা দেওয়ার ব্যাপার না। খেলতে খেলতে রেকর্ড হয়ে যায়। আমি সবসময়ই বলি, সুমন ভাই (হাবিবুল বাশার) আমাদের সেরা অধিনায়ক। আমাদের ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর পথে প্রথম টার্নিং পয়েন্ট।’
 
এই সুযোগে হাবিবুলের প্রশংসাও সারলেন বর্তমান অধিনায়ক, ‘আমি সুমন ভাইয়ের নেতৃত্বে অনেক দিন খেলেছি। উনি সবার জন্যই স্বস্তি একটা পরিবেশ দিতেন দলে। ঠাণ্ডা মাথায় সব সামলাতেন। আমি এখন বুঝি কাজটা কত কঠিন। উনি সেসব খুব ভালো ভাবে করেছেন। তখনকার বাস্তবতায় তার ৩০টি জয় আসলে ৫০টি জয়ের সমান। আমার মতে সুমন ভাই-ই এখনও সেরা।’
 
ইত্তেফাক/এসএসএ