বেসিক ব্যাংক

অর্থ পরিশোধের শর্তে জামিন পেলেন আহমেদ তাজউদ্দীন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ২১:১৭
বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় ঋণ গ্রহীতা ইউ কে বাংলা লিমিটেডের চেয়ারম্যান আহমেদ তাজউদ্দিনকে চার সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। প্রতি দুই মাস অন্তর দুই কোটি টাকা করে পরিশোধের শর্তে এই জামিন দেয়া হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি রাজিক আল জলিলের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। 
 
৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে গত বছরের ২১ সেপ্টেম্বর নগরীর গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে এই ঋণ সুদসহ ৬১ কোটি ৪০ লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন আহমেদ তাজউদ্দীন। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।  
 
খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, দুই টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামির জামিন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে আদালত।