৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩০
 
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এই বিসিএসের মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ হিসেবে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে প্রতি ক্যাডার পদের বিপরীতে চাকরিপ্রার্থী ১৯৮ দশমিক ৫৯ জন। যা যেকোনো বিসিএস পরীক্ষায় প্রতি পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী।
 
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ‘ইত্তেফাক’কে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৩৭তম বিসিএসের দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা হবে। পরীক্ষার আগে সকাল ৯টায় পিএসসির কার্যালয়ে লটারি এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ করা হবে। এর আগে ৩৬তম বিসিএসে দুই হাজার ১৮০টি পদের বিপরীতে ২ লাখ ১১ হাজার ৩২৬, ৩৫তম বিসিএসে এক হাজার ৮০৩টি পদের বিপরীতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ এবং ৩৪তম বিসিএসে দুই হাজার ৫২টি পদের জন্য ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রিলিমিনারিতে অংশ নেন।
 
পদ ও আবেদনকারীর সংখ্যানুযায়ী ৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে প্রতি পদের বিপরীতে ৯৭ জন, ৩৫তম প্রিলিমিনারিতে ১৩৫ জন এবং ৩৪তম প্রিলিমিনারিতে ১০৮ জন প্রার্থী অংশ নিয়েছিলেন। পরিসংখ্যান অনুযায়ী ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে একটি পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক ১৯৯ জন প্রার্থী ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় বসতে যাচ্ছেন।
 
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন। গত ৯ আগস্ট ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ এবং ২১ সেপ্টেম্বর পরীক্ষার আসন বিন?্যাস ও নির্দেশাবলী প্রকাশ করে পিএসসি।
 
ইত্তেফাক/আরএ