শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের কর্মসূচি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৭
যুবলীগের উদ্যোগে আগামীকাল বুধবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করেছে। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। 
 
আলোচনা সভা শেষে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত ‘সময়রেখায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন প্রধান অতিথি।অনুষ্ঠানস্থলে শেখ হাসিনার জীবন ভিত্তিক সংবাদচিত্র প্রদর্শন করা হবে।
 
আলোচনা সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন যুবলীগ চেয়ারম্যান  মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। দোয়া ও মিলাদ শেষে দলীয় কার্যালয়, কাকরাইল মোড়, কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, জাতীয় প্রেসক্লাবের সামনে পাঁচটি ট্রাকে করে ৫০ হাজার প্যাকেট মিষ্টি বিতরণ করা হবে।
 
এছাড়া ফার্মগেটের আনন্দ সিনেমা হল সম্মুখে যুবলীগ চত্বরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হবে।ঢাকা মহানগর যুবলীগ উত্তরের অন্তর্গত সকল থানা এবং ওয়ার্ডে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/ইউবি