‘আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার ষড়যন্ত্র হয়েছে’

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৪
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ১৯৭৫ সালে যে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তারাই শহীদ ময়েজউদ্দিনকে হত্যা করেছে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার ষড়যন্ত্র করেছে। 
 
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, ময়েজউদ্দিন আজও কালীগঞ্জের সর্বস্তরের মানুষের হৃদয়ে বেঁচে আছেন। আর কালীগঞ্জকে নিয়ে ময়েজউদ্দিনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। 
 
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, সদস্য মো. মাজেদুল ইসলাম সেলিম। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন দেওয়ান, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ টিপু, পৌর যুবলীগের সভাপতি মো. বাদল হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি