সবাইকে নিয়েই অগ্রগতির মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ : পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৯
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় সমন্বিত উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। কাউকে বাদ দিয়ে নয়, বরং সকলকে নিয়েই অগ্রগতির মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে।
 
তিনি বলেন, জাতীয় উন্নয়নে অঙ্গীকার বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ অপরিহার্য।
 
আজ মঙ্গলবার ঢাকার শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে বিসিএস ইকনমিক ট্রেনিং একাডেমির প্রথম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম বক্তৃতা করেন।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এগিয়ে যাওয়ার রোল মডেল স্থাপন করেছে। অগ্রগতির চলমান গতি অব্যাহত থাকলে আমরা আগামী ২০৩০ সালের মধ্যে দেশকে ক্ষুধামুক্ত করতে পারবো। গত সাত বছরে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৬৮ থেকে নেমে ৪৪তম অবস্থান অর্জন করেছে। ক্রয় ক্ষমতার সক্ষমতার তালিকায় বিশ্বে বাংলদেশের অবস্থান ৩২তম । বাসস।
 
 
ইত্তেফাক/এমআই