বিভিন্ন পদক্ষেপে রপ্তানি বৃদ্ধি পেয়েছে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৪
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'সরকারের রপ্তানিবান্ধব নীতি ও আর্থিক প্রণোদনা প্রদানসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।'
 
তিনি মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম মাহজীবন মোরশেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। 
 
এ সময় মন্ত্রী বলেন, 'রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ হচ্ছে- যুগোপযোগী রপ্তানি নীতি প্রণয়ন, শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা, সেবা সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন, রপ্তানি পণ্য বহুমুখীকরণ, বাণিজ্যিক উইংকে কার্যকর করা, মানব সম্পদের উন্নয়ন, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, নগদ সহায়তা প্রদান ও আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা।'
 
প্রচারই প্রসার'-এ লক্ষ্যকে সামনে রেখে বিগত সাত বছরে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ ও একক দেশীয় পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয় এমনটি জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমাবার লক্ষ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্প্রদান করে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা হয়েছে।'
 
সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহ'র অপর এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, 'যুক্তরাষ্ট্র তার এজিওএ আফ্রিকান গ্রোথ অপরচুনিটি এ্যাক্ট'র মাধ্যমে আফ্রিকার স্বল্পোন্নত দেশসমূহকে শুল্কমুক্ত/ বাজার সুবিধা প্রদান করে আসছে। কিন্তু বাংলাদেশসহ এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোকে এই সুবিধা প্রদান করা হয়নি।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস