রিয়াল মাদ্রিদের ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর আশা ছেড়েই দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ উনাই এমরে। রোনালদোর নিকট ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদেই কাটছে বলে ধারণা করছেন পিএসজি কোচ।
লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে পর্তুগাল তারকার নিবিড় যোগাযোগ সৃষ্টি হয়েছিল বলে ইতোপূর্বে বেশকিছু পত্রপত্রিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। এমনকি গত মে মাসে এমন রিপোর্টও ছাপা হয়েছে যে, এজেন্ট জর্জ মেন্ডিস রোনালদোর মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগদানের বিষয়ে মৌখিক চুক্তিতে উপনীত হয়েছেন।
রিয়াল কোচ জিনেদিন জিদানের সঙ্গে রোনালদোর কিছু মনোমালিন্যের ঘটনায় ওই গুজবটি আরো বেশী গুরুত্ব পায়। লা পালমাসের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে বদলী খেলোয়াড়ের তালিকায় রাখায় বেশ হতাশ হতেও দেখা যায় ৩১ বছর বয়সী রোনালদোকে। তবে দুইজনের সম্পর্কের মধ্যে কোন ধরনের টানাপোড়েনের খবর অস্বীকার করেন জিদান। এসব ঘটনায় রোনালদোর প্রাক দে প্রিন্সেস যোগ দেয়ার সম্ভাবনা দেখতে পায় অনেকেই। তবে এমরের দৃঢ়বিশ্বাস ইউরো চ্যাম্পিয়ন শিবিরেই থেকে যাবেন রোনালদো।
তিনি বলেন, ‘অনেক বছর যাবত ফুটবল খেলছেন রোনালদো। তিনি দৈহিকভাবে এবং মানের দিক থেকে বিস্ময়কর অবস্থানে আছেন। সবকিছু মিলিয়ে আমি শুধু এইটুকুই বুঝতে পারছি মাদ্রিদেই থাকবেন রোনালদো।’ এছাড়া নেইমারকে দলে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তারা। এই প্রসঙ্গে পিএসজি কোচ বলেন ‘এইবার আমরা নামী দামী কোন খেলোয়াড়কে দলে ভেড়াতে পারিনি। তবে বর্তমান স্কোয়াডটি নিয়েও আমি বেশ খুশি। ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের মত যোগ্যতা এই দলটির রয়েছে।’ বাসস।
ইত্তেফাক/এসএসএ
