শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে রাখা হবে সৈয়দ হকের মরদেহ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৯
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 
 
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এ তথ্য জানান।
 
তিনি বলেন, কবির মরদেহ হেলিকপ্টারে করে তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।
কবির মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
 
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শামসুল হক রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে মারা যান।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
 
মৃত্যুকালে তিনি স্ত্রী লেখিকা ও ডাক্তার সৈয়দা আনোয়ারা হক এবং এক পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
 
তার মৃত্যুতে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। উভয় অঙ্গনের গুণীজনরা তাঁকে একনজর দেখার জন্য হাসপাতালে ছুটে যান।
 
 
ইত্তেফাক/এমআই