কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হাকিমপুর ফুটানি বাজারে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে মহাজন ও তার লোকজন নিহত লালন (৩০) দৌলতপুর ইউনিয়নের পচামাদিয়া গোরস্থান পাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হাকিমপুর ফুটানি বাজারের মহাজন আ. হামিদের আড়তে আসে লালন। লালন তার পাট বাড়ি থেকে ওজন করে আনলেও আড়ৎদারের পাল্লায় পাটের ওজন অনেক কম হয়। এ সময় লালন এর প্রতিবাদ জানায়। এর জের ধরে আড়তদার হামিদ তার কর্মচারী কামরুল, কুদ্দুস ও নজু ওজনের বাটখারা দিয়ে লালনকে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় লালন মারা যান।
নিহতের স্বজনরা জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএসএমইউ
