১৯৭৬ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বিগত ৪০ বছরে ৫৯৫টি নৌদুর্ঘটনায় ৪ হাজার ৬৭১ জনের প্রাণহানি ঘটেছে।
বুধবার সংসদে সরকারি দলের সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পক্ষে পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ’বিগত ৪০ বছরে নৌদুর্ঘটনায় ৫১০ জন আহত হন এবং ৪৬৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন।’
'২০০৩ সালে সর্বাধিক মানুষের প্রাণহানি ঘটে। তখন ৩১টি নৌ-দুর্ঘটনায় ৪৬৪ জন মানুষের মৃত্যু হয়।' এমনটি জানিয়ে তিনি আরও জানান, ১৯৮৬ সালে ১১টি নৌ-দুর্ঘটনায় ৪২৬ জনের মৃত্যু ঘটে, ১৯৯৪ সালে ২৭ টি নৌ-দুর্ঘটনায় ৩০৩ জনের মৃত্যু ঘটে, ২০০০ সালে ৯টি নৌ-দুর্ঘটনায় ৩৫৩ জন, ২০০৫ সালে ২৮টি দুর্ঘটনা ঘটে এতে ২৪৮ জনের প্রাণহানি ঘটে। এছাড়া ২০০৯ সালে ৩৪টি নৌ-দুর্ঘটনায় ২৬০ জনের প্রাণহানি ঘটে। -বাসস।
ইত্তেফাক/এসএস
