রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানের সময় পালিয়ে যাওয়া নব্য জেএমবির অন্যতম নেতা সালাউদ্দিন কামরানকে ছয়দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। কল্যাণপুরে নয় জঙ্গি নিহতের ঘটনার মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। পরে আদালত তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে বুধবার রাতে গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় হলি আর্টিজানে হামলার অন্যতম মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীর ঘনিষ্ঠ এই সহযোগীকে।
এ খবর নিশ্চিত করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার মুহিবুল ইসলাম ইত্তেফাককে জানান, সালাউদ্দিন কামরান নব্য জেএমবির অন্যতম নেতা। তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠালে, আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে।
ইত্তেফাক/এএম।
