এসএসসির নতুন ঘোষিত প্রশ্নপদ্ধতি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫০
 
এসএসসি পরীক্ষার্থীদের জন্য সৃজনশীল নিয়মে নতুন ঘোষিত প্রশ্নপদ্ধতি বাতিলের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সাধারণ শিক্ষার্থীরা গাইবান্ধা ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে শহরে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ট্রাফিক পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
এই কর্মসূচিতে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলা মডেল স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
 
আন্দোলনকারী এসএসসি পরীক্ষার্থীরা জানান, সৃজনশীল প্রশ্ন ছয়টি থেকে সাতটি ও নৈর্ব্যক্তিক প্রশ্ন ৪০টি থেকে ৩০টি করা হয়েছে। কিন্তু সময় বৃদ্ধি করা হয়নি। এই পদ্ধতিতে পরীক্ষা দিয়ে পূর্বের শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে নাই। তাই অবিলম্বে এই প্রশ্ন পদ্ধতি বাতিল করতে হবে। তারা পূর্বের নিয়ম অনুযায়ী সৃজনশীল প্রশ্ন ৬টি ও নৈর্ব্যক্তিক প্রশ্ন ৪০টি বহাল রাখার দাবি জানান।
 
এদিকে এর আগে একই দাবিতে বেলা ১১টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা শহরের একই এলাকায় মানববন্ধন কর্মসুচি পালন করে। এতে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক পরমানন্দ দাস, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিলন, এসএসসি পরীক্ষার্থী জুলফিকার, আলআমিন প্রমুখ।
 

ইত্তেফাক/এএম।