প্রতিটি জেলা রেলপথের আওতায় আনা হবে : রেলমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৬
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বর্তমান সরকার রেলওয়ে খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাত্রী পরিবহনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে।
 
বৃহস্পতিবার দুপুর দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী রেলওয়ে কারখানার আধুনিকায়নসহ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, যমুনা সেতুতে প্যারালার রেলসেতু করা হবে। রেলওয়ের উন্নয়নে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী ২ বছরের মধ্যে সকল নিয়োগ সম্পন্ন করা হবে।
 
এই প্রথম ঢাকার বাইরে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা  অনুষ্ঠিত হল। এতে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
IMG0
সভায় জানানো হয়, ভারতীয় ঋণে সৈয়দপুরে একটি নতুন রেলকোচ তৈরি কারখানা নির্মাণ করা হবে। চলতি বছরে রেলপথ মন্ত্রণালয় ৯ হাজার ১১০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পেয়েছে। যা দিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর সাথে যোগ হবে বিদেশি অর্থায়ন। ওই পরিকল্পনায় রয়েছে চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ, বঙ্গবন্ধুর সেতুর পাশে নতুন একটি রেল সেতু নির্মাণ।
 
সংসদীয় কমিটিতে ছিলেন সভাপতি সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী,  সংসদ সদস্য  মোসলেম উদ্দিন, সংসদ সদস্য  খালেদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য  মো. আলী আজগর, সংসদ সদস্য  মুহাম্মদ মিজানুর রহমান, সংসদ সদস্য  সিরাজুল ইসলাম মোল্লা, সংসদ সদস্য  মোহাম্মদ নোমান, সংসদ সদস্য  ইয়াসিন আলী ও সংসদ সদস্য  ফাতেমা জোহরা রাণী।
 
ইত্তেফাক/ইউবি