কন্যা শিশুর অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতে এবং তাদের অধিকার সুরক্ষায় সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 
 
তিনি বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষিত ও সুস্বাস্থ্যের অধিকারী করা গেলে তারা দক্ষ মানবসম্পদে পরিণত হয়ে সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে- এ আমার বিশ্বাস। 
 
প্রধানমন্ত্রী জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার এক বাণীতে এ কথা বলেন।
 
শেখ হাসিনা দিবসটি উপলক্ষে দেশের এবং বিশ্বের সকল কন্যাশিশুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাণীতে বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ ১৮ বছরের কম বয়সী শিশু যাদের মধ্যে ৪৮ শতাংশই কন্যাশিশু। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এ বিপুলসংখ্যক কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য।
 
তিনি বলেন, ২০০৯ সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা নারীর ও কন্যাশিশুদের ক্ষমতায়ন এবং তাদের প্রতি সকল প্রকার সহিংসতা ও বৈষম্য দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কন্যাশিশুদের কল্যাণে আমরা অবৈতনিক শিক্ষার প্রচলন, উপবৃত্তি প্রবর্তন, বিনামূল্যে বই বিতরণ, নারী শিক্ষকদের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি।
 
তিনি শিশু ও নারীদের বিষয়ে সরকারি পর্যায়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে বলেন, আমাদের সরকার জাতীয় শিশুনীতি ২০১১ ও জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়ন করেছে। নারী ও শিশু নির্যাতন (দমন) আইন-২০০০ এ নতুন ধারা সংযোজন এবং বাল্যবিবাহ নিরোধ আইন আধুনিকীকরণের লক্ষ্যে খসড়া প্রণয়ন করা হয়েছে। 
 
তিনি জাতীয় কন্যাশিশু দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করে বলেন, ‘শিশুবিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’- এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০১৬ উদযাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। বাসস।
 
 
ইত্তেফাক/এমআই