৮০০ কোটি ডলার সহায়তার ঘোষণা এডিবির

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৫
 
বাংলাদেশে আগামী ৫ বছরে ৮০০ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সহযোগিতার রূপরেখা বৃহস্পতিবার প্রকাশ করেছে সংস্থাটি। বাংলাদেশের ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনে ৫ বছরের কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি বা দেশ সহায়তার কৌশলত্রে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
 
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি-বেসরকারি খাতের উন্নয়নে বিশেষ করে অবকাঠামো, দক্ষতা উন্নয়নসহ অর্থনীতির বহুমাত্রিক গতি আনতে এ সহায়তা দিচ্ছে এডিবি। এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিগো হিগুচি উল্লেখ করেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অনুযায়ী বাংলাদেশ দারিদ্রের হার অর্ধেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। দশক জুড়েই শক্তিশালী অর্থনীতির উপর রয়েছে বাংলাদেশ। সেইসাথে মধ্য আয়ের দেশের তালিকায়ও উঠে এসেছে। সরকারের লক্ষ্য অনুযায়ী প্রবৃদ্ধির গতি ঠিক রেখে কর্মসংস্থান, গ্রামীন উন্নয়ন এবং সুষম উন্নয়নে এডিবির এই সহযোগিতা এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
এডিবি উল্লেখ করেছে, বাংলাদেশের সামগ্রীক চাহিদা বিবেচনা করে এই অর্থায়ন কাঠামো তৈরী করা হয়েছে। বিশেষ করে অবকাঠামো খাত, মানব উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক করিডোর স্থাপন, গ্রামীণ প্রাণীসম্পদসহ দুর্যোগ সহনীয় অবকাঠামোর উন্নয়নে জোর দেয়া হবে। আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশর সীমান্ত অঞ্চলে আঞ্চলিক করিডোর স্থাপনেও সহায়তা থাকবে। ঢাকা-চট্টগ্রামসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে আঞ্চলিক অর্থনৈতিক করিডোর স্থাপনের প্রকল্পে অর্থায়ন করা হবে। ইতিমধ্যে এডিবি দেশের রেল যোগাযোগের উন্নয়ন, চট্টগ্রাম বন্দর, নগর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুত্, পানি, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে। এডিবি উল্লেখ করেছে, ২০১১ থেকে ২০১৫ মেয়াদে এই পাঁচ বছরে এডিবি বাংলাদেশকে ৫শ কোটি ডলারের বেশি সহায়তা করেছে।
 

ইত্তেফাক/এএম।