ভারতের রাজধানী নয়াদিল্লীতে শুক্রবার থেকে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। ছয় দিন ব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ২৫ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল উক্ত সম্মেলনে অংশগ্রহণ করবেন।
সম্মেলনে যোগদানের উদ্দেশে বাংলাদেশ প্রতিনিধিদল আগামীকাল সকালে নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। একই সাথে সীমান্ত সম্মেলন উপলক্ষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরো সুসংহত করার লক্ষ্যে বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস্) এর সভানেত্রী বেগম দিলশাদ নাহার আজিজের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদল ভারতে গমন করবেন। সীপকস প্রতিনিধিদল বিএসএফ পরিচালিত বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার এ্সোসিয়েশনের প্রতিনিধিদলের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন এবং এ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন। ৩ অক্টোবর নয়াদিল্লীস্থ বিএসএফ সদর দফতরে সম্মেলনের জন্য নির্ধারিত আলোচ্য বিষয় অনুযায়ী উভয় পক্ষের মধ্যে মূল বৈঠক অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা ও আহত করা, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার ও আটক করা, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক ও নির্মাণ কাজ, উভয় দেশের সীমান্ত নদীসমূহের তীর সংরক্ষণ, পারস্পরিক আস্থা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং বিবিধ বিষয়সমূহ।
ইত্তেফাক/এএম।
