বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘চোরাচালানের মাধ্যমে সোনা আনার পর সেগুলো প্রতিবেশি দেশ ভারতে পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে সোনা চোরাচালান বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ও জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বিকল্প চিন্তা-ভাবনা করছে। বিদেশ থেকে সোনা আমদানি করে সেগুলো আবার রফতানি করা যায় কি-না সেটা ভাবা হচ্ছে। এটা করতে পারলে সোনা চোরাচালান পুরোপুরি বন্ধ হবে বলে আশা করা যায়।’
বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তরকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের অনুপস্থিতিতে তার পক্ষে এই মন্ত্রণালয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দানকালে তিনি এ কথা বলেন।
সম্পূরক এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, একটি প্রশ্নের লিখিত জবাবে দেখলাম বিমানমন্ত্রী বলেছেন-বিমানবন্দরে আগের তুলনায় যাত্রী হয়রানি কমেছে। তার পক্ষে উত্তর দিলেও এটা আমার বলা মনে হয় ঠিক হবে না। কারণ যাত্রী কম হয়রানি হওয়াও উচিত নয়। যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ করতে হবে। যাত্রীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, তাদের মালামাল নির্বিঘ্নে আনা-নেয়া করতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।
