খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ. কোচ স্টুয়ার্ট ল

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০১
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটান্সের অধিনায়কের দায়িত্বে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ঘরোয়া লিগের অন্যতম ভালো অধিনায়ক হিসেবে সুখ্যাতি আছে জাতীয় দলের এই অলরাউন্ডারের। বিপিএলের গত আসরে বরিশাল বুলসের অধিনায়ক ছিলেন তিনি।
 
বিপিএলের আগের আসের অংশ না নেয়া দলটি এবার সবার আগেই নিজেদের উপস্থিতি জানান দিলো। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে লোগে উন্মোচন করে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। অনুষ্ঠানে জানানো হয় নুতন এই দলটিতে কোচের দায়িত্বে থাকছেন, বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল’। তার অধীনে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে খেলেছে সাকিব-তামিমরা। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ট্যাকনিক্যাল পরামর্শক ছিলেন এই অস্ট্রেলিয়ান। বিপিএলের চতুর্থ আসরে খুলনার উপদেষ্টা হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
 
বিপিএলের গত আসরে তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত একটা দল নিয়ে ফাইনালে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবারের আসরে নতুন দলের দায়িত্ব নিয়ে রিয়াদ বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। চেষ্টা থাকবে ভালো টিম স্পিরিট যেন আমাদের থাকে। আশা করি ভালো একটি দল তৈরি করতে পারবো।’
 
খুলনার হয়ে খেলার কথা রয়েছে বিদেশি কেভন কুপার, মোহাম্মদ আসগর এবং রিকি ওয়েলসের। স্থানীয় এবং বিদেশিদের সমন্বয়ে একটা ভালো দল গঠনের চেষ্টা থাকবে জানিয়ে অধিনায়ক বলেন, ‘আমাদের বিদেশি কিছু খেলোয়াড় আসবে।  স্থানীয় খেলোয়াড়দের মধ্যে আমরা একজন আরেকজনকে চিনি। যত দ্রুত সম্ভব আমরা ভালো একটি দল তৈরি করে ফেলবো। আমার মনে হয় টি-টোয়েন্টি ক্রিকেট যার শক্ত মানসিকতা থাকবে তারই সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।’
 
বিপিএলের আগের আসরে রিয়াদের নেতৃত্বে ফাইনালে খেলেছে বরিশাল। গতবারের চেয়ে এবার আরো ভালো ক্রিকেট খেলার চেষ্টা থাকবে জানিয়ে খুলনা টাইটান্সের অধিনায়ক বলেন, ‘টিম হিসেবে খেলতে পারি ওটাই চেষ্টা থাকবে। আশা করি আমরা এবার আরো ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো। অধিনায়কত্বই সবকিছু না। আমি এখনো শিখছি। দলের সব খেলোয়াড়দের কাছ থেকেই সাপোর্ট পাওয়া লাগবে। সঠিক সময়ে খেলোয়াড়রা যদি সাপোর্ট করতে পারে।’
 
বিপিএলের গভর্নিং বডি এবার সাতটি ফ্র্যাঞ্চাইজির জন্য সাতজন এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার রেখেছেন। অন্য সবার মতো তাদেরও অকেশনের মাধ্যমে দল চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু একটু বাড়তি পারিশ্রমিক পাওয়ার আসায় নিজ দল বাছাই করে নেয়ার জন্য অনুমতি নিয়ে নিয়েছেন সাকিব-তামিম-রিয়াদরা। অন্য ফ্র্যাঞ্চাইজি রেখে খুলনাকে বেছে নেয়া প্রসঙ্গে রিয়াদের যুক্তি  ‘খুলনার জন্য কিছু করতে চাই, সেজন্য আসা। তাছাড়া পেশাদার খেলোয়াড় হিসেবে যে কোনো জায়গাতেই খেলা যায়। এছাড়া খুলনার মূল আইকন আমাদের মধ্যে এখন সুমন ভাই (হাবিবুল বাশার সুমন) আছেন, ইনাম ভাই (কাজী ইনাম আহমেদ, ক্রিকেট বোর্ডের পরিচালক) আছেন।’
 
ই্ত্তেফাক/এমএইচ